
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বাজার পরিচালনার জন্য তিন মাস মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রহিমানগর বাজারসংলগ্ন শিক্ষামন্ত্রীর গোবিন্দপুর গ্রামের বাসভবনের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গঠিত এডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গাজী হার্ডওয়্যারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মিলন গাজী। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রহিমানগর উত্তর বাজারের বেসিক এইড অ্যান্ড হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. আব্দুল কাদের। প্রথম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোল্লা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজান মোল্লা। কমিটির বাকি সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজিজ উল্লা মাস্টার, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনজুর আহমেদ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রহিমানগর বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী।
সভা শেষে নবনির্বাচিত এডহক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মিলন গাজী, সদস্য সচিব ডা. আব্দুল কাদের ও প্রথম যুগ্ম আহ্বায়ক মো. মিজান মোল্লা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি এবং শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবিকে ফুলেল শুভেচ্ছা জানান।