
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুকের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) ২নং ওয়ার্ডের সরদার বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে ওয়ার্ডের মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আবেগঘন বক্তব্যে মেম্বার প্রার্থী মোঃ ওমর ফারুক বলেন—
“আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য মেম্বার হতে চাই না, আপনাদের সেবা করার জন্যই মেম্বার প্রার্থী হয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করলে সরকারের যেসব সুযোগ-সুবিধা আমাদের ওয়ার্ডে আসবে, তা প্রকৃত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন,
“আল্লাহকে সাক্ষী রেখে বলছি—কোনো খারাপ নিয়ত নিয়ে আমি মেম্বারি করতে আসিনি। আমার উদ্দেশ্য একটাই, ২নং ওয়ার্ডের মানুষের পাশে থাকা এবং সেবা করা।”
মাদকমুক্ত ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়
ওমর ফারুক বলেন,
“আপনারা আমাকে নির্বাচিত করলে ২নং ওয়ার্ডে কোনো মাদকের আস্তানা রাখতে দেওয়া হবে না। আমাদের যুবসমাজ ও সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি প্রতিশ্রুতি দেন—ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, আলো, শিক্ষা, অসহায় মানুষের সহায়তা এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন।
তিনি বলেন,
“মেম্বার হলে আমার দরজা সবার জন্য খোলা থাকবে। দল-মত, ধনী-গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে ২নং ওয়ার্ডকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
শেষে তিনি ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।