
সুমন উদ্দীন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’-এর এক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক দীঘিনালা উপজেলা দলকে ৩-২ গোলে পরাজিত করেছে লংগুদু উপজেলা দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দীঘিনালা মিনি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন বয়সী পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
খেলা উপভোগ করতে মাঠে প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্ধারিত সময়ের খেলায় লংগুদু উপজেলা দল ৩টি গোল করে জয় তুলে নেয়। অপরদিকে স্বাগতিক দীঘিনালা উপজেলা দল ২টি গোল করতে সক্ষম হয়। ফলে ৩-২ গোলের ব্যবধানে লংগুদু উপজেলা দল জয়ী হয়।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।