
পারিবারিক কলহ ও ভরণপোষণ না দেওয়ার জের ধরে কুমিল্লার বরুড়ায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা মা ছকিনা বেগমকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে বরুড়া উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা (হাসেম মেম্বার বাড়ি) গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—বৃদ্ধার বড় ছেলে শহিদ উল্লাহ (৪০) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম (৩৫)।
ঘটনাক্রম ও হামলায় আহত ৩ জন
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহিদ উল্লাহ ও তাঁর দ্বিতীয় স্ত্রী বৃদ্ধা মায়ের খোঁজখবর না দিয়ে সংসারে অশান্তি তৈরি করছিলেন। ঘটনার দিন বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে কথা-কাটাকাটির একপর্যায়ে শহিদ উল্লাহ ও মরিয়ম বেগম বৃদ্ধা ছকিনা বেগমের ওপর চড়াও হন। তাঁরা বৃদ্ধাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলাফুলা জখম করেন।
মায়ের চিৎকারে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম (২৮) এবং অভিযুক্ত শহিদ উল্লাহর প্রথম পক্ষের মেয়ে সামিয়া আক্তার শান্তা (১৮)। এ সময় হামলাকারীরা তাঁদের দুজনকেও পিটিয়ে গুরুতর আহত করে।
স্বর্ণালংকার ছিনতাই ও আইনি পদক্ষেপ
মারধরের পাশাপাশি অভিযুক্ত শহিদ উল্লাহ তাঁর ছোট ভাইয়ের স্ত্রী আকলিমা বেগমের গলা থেকে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত ৩ জনকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
নির্যাতনের শিকার ছকিনা বেগম বরুড়া থানায় উপস্থিত হয়ে নিজের নিরাপত্তা ও বিচারের দাবিতে লিখিত আবেদন করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।