
চাঁদপুরের কচুয়া-কালিয়াপাড়া সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। পূর্বনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিকের নির্দেশনায় রহিমানগর উত্তর বাজার বাসস্ট্যান্ড সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসূচিতে শ্রমিক দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং যথাযথ লিখিত অনুমোদন ছাড়াই কচুয়া-কালিয়াপাড়া সড়কে কিছু সিএনজিচালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং চালকদের সঙ্গে যাত্রীদের প্রায়ই বাকবিতণ্ডার ঘটনা ঘটছে।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বনির্ধারিত ভাড়া হিসেবে কচুয়া থেকে কালিয়াপাড়া ৪০ টাকা এবং কচুয়া থেকে রহিমানগর ২০ টাকা নেওয়ার কথা। কিন্তু বর্তমানে কিছু চালক কালিয়াপাড়া পর্যন্ত ৬০ টাকা এবং রহিমানগর পর্যন্ত ৩০ টাকা আদায় করছেন বলে অভিযোগ তাঁদের।
শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, ভাড়া বৃদ্ধি করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লিখিত অনুমোদন নিতে হবে। যথাযথ প্রক্রিয়ায় ভাড়া বৃদ্ধি করা হলে তাঁদের কোনো আপত্তি নেই। তবে নতুন ভাড়ার অনুমোদন না পাওয়া পর্যন্ত আগের নির্ধারিত ভাড়া আদায়ের জন্য চালকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, কয়েকজন সিএনজিচালক জানান, গাড়ির মালিকদের জমার টাকা বৃদ্ধি, গাড়ির যন্ত্রাংশের দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে তাঁরা বাড়তি ভাড়া নিচ্ছেন বলে দাবি করেন।
এদিকে, ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সৃষ্ট অসন্তোষ নিরসনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেছেন সচেতন মহল।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, প্রচার সম্পাদক মো. মনির হোসেন বেপারী, গোহট উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।