
মোঃ আমিনুল ইসলাম
ডিজিটাল লেনদেনের প্রসার, নগদ অর্থের ব্যবহার কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেটে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বাংলা কিউআর কোডের ব্যবহার, সুবিধা ও নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসবিএসি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসবিএসি ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মোহাম্মদ রাশেদ আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম এবং ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মোফাজ্জল মামুন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের এফএভিপি মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভয়েস অব সিলেটের সম্পাদক ও পরিচালক মইন উদ্দিন মঞ্জু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বাংলা কিউআর কোডের ব্যবহারবিধি, সুবিধা ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ, সহজ ও প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ডিজিটাল লেনদেনে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়।
পাশাপাশি এসবিএসি ব্যাংকের ‘বাংলা পে’ অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পণ্য ক্রয় ও ডিজিটাল পেমেন্টের পদ্ধতি সরাসরি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে নগদ অর্থ ছাড়াই সহজে ও দ্রুত লেনদেনের বাস্তব সুবিধা তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়নে ব্যাংক, ব্যবসায়ী সমাজ ও গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসবিএসি ব্যাংক পিএলসি ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করছে।
আলোচনা সভা শেষে ‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচির মধ্য দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব এবং বাংলা কিউআর ব্যবহারের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়।