
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আরও ৫ জন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে বিফোর এস সিকিউরিটি কোম্পানি। রবিবার (১ নভেম্বর) থেকে তারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন শুরু করেছেন।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নবগঠিত বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্যরা বিফোর এস সিকিউরিটি কোম্পানির চাঁদপুর জোনের ম্যানেজার মো. মাহিনকে সঙ্গে নিয়ে বাজারের উত্তর, পশ্চিম ও দক্ষিণ অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় বাজারে জনসাধারণের স্বাভাবিক হাঁটাচলা নিশ্চিত করা এবং যানজট সৃষ্টি রোধে বিশৃঙ্খলভাবে চলাচলকারী অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের পাশাপাশি ফুটপাতের কয়েকজন দোকানদারকে পুনরায় সতর্ক করা হয়। একই সঙ্গে সবাইকে নির্ধারিত স্থানে গাড়ি রাখা ও দোকান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
দেশের জনপ্রিয় শিক্ষামন্ত্রী ও কচুয়ার কৃতী সন্তান, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের নির্দেশনায় সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নবগঠিত বাজার কমিটির ধারাবাহিক এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও অভিজ্ঞ মহল। তারা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে কমিটির এমন উদ্যোগকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
নবগঠিত বাজার কমিটির নেতৃবৃন্দ জানান, রহিমানগর বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে তাদের এ ধরনের কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা ব্যবসায়ী, পরিবহনচালক ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।