
মোঃ আমিনুল ইসলামঃ
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সৌরবিদ্যুৎ প্রযুক্তির প্রসার এবং এ খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর)
সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি এসকিউ সোলারের স্টল ঘুরে দেখেন।
স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভ্যর্থনা জানান এসকিউ এগ্রিকালচারের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। এ সময় সৌরবিদ্যুৎ প্রযুক্তি, আধুনিক সৌর সরঞ্জাম ও সংশ্লিষ্ট পণ্য নিয়ে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসকিউ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস নাফিজা ইসলাম।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে এসকিউ সোলারের স্টলে আধুনিক সৌরপ্রযুক্তি, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া এবং সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এ ছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ সোলার এক্সপোর আয়োজন করা হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।