
মোঃ আমিনুল ইসলামঃ
বরুড়ায় গণপূর্তমন্ত্রীর হাত ধরে বিএনপিতে ২ হাজার নেতাকর্মীর যোগদান
বরুড়ায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এর হাত ধরে বিএনপিতে ২ হাজার নেতাকর্মীর যোগদান
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক শক্তি বাড়াতে এক বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, বিকাল ৪টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের হাত ধরে বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রায় ৭০০ কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ২ হাজারেরও বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, আমি সব সময় চেষ্টা করব ভালো মনের মানুষগুলোকে আমার দলে আনার জন্য। আজকে যারা যোগদান করেছেন, পরবর্তী ইউনিয়নভিত্তিক কর্মসূচিগুলোতে তাঁদের সামনে রেখেই অনুষ্ঠান করব।
নতুন যোগদানকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যারা আজকে যোগদান করলেন, আপনারা আমার সম্মান রক্ষা করবেন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে পরবর্তীতে আমার সম্মান ক্ষুণ্ন হয়।
যোগদানে নেতৃত্ব দেওয়া মো. আবুল কালাম আজাদ বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমরা বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ রয়েছেন। ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বরুড়া বাজার কমিটির সভাপতি হূমায়ুন কবির পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন, যা একপর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন যোগদানকারীদের বিএনপিতে স্বাগত জানান। তাঁরা দলের নীতি ও আদর্শের সঙ্গে কাজ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।