
মোঃ আমিনুল ইসলাম:
শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।
শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় ও আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ৯টা থেকে দুই ধাপে দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৮০ জন এবং সাধারণ গ্রেডে ৯০ জনসহ মোট ১৭০ জনকে বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুল হক, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি, উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসির আহমেদ।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা বড় করে তোলার আহ্বান জানান।
মাদক নির্মূলের বিষয়ে মন্ত্রী বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা তৈরিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী। তবে অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের সুবিধা ও সময়ের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েম বলেন, আগামীর বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আলোকিত জাতি গঠনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে চান। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।