1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন আদর্শ সদর।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ

 

কুমিল্লার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল।

শুক্রবার (১৩ নভেম্বর) বরুড়া উপজেলার কাদবা-তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

এতে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় আদর্শ সদর উপজেলা দল।

টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলার মোট ১৯টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে দলগুলোর অংশগ্রহণে এ আয়োজন অত্যন্ত আনন্দ ও উৎসাহব্যঞ্জক হয়েছে।

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। এ ছাড়া কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাইনাল খেলায় আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চান্দিনা উপজেলা দলের মেহেদী।
খেলা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বরুড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!