
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির মোট ৩ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার (২১ নভেম্বর) বৈরী আবহাওয়ার মধ্যেও শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো—কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৯ জন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪২ জন, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন, পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া কেন্দ্রে ২৮৮ জন, মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৯ জন, সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জন এবং রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রহিমানগর কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, শিক্ষা সচিব মাওলানা শাহজালাল প্রধান, অর্থ সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, রহিমানগর কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন পাটোয়ারী, হল সুপার আব্দুর রাজ্জাক সরদারসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ব্যাপক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে তারা সক্ষম হয়েছেন। এ ধরনের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।