
মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়কে কেন্দ্র করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি। এ বিষয়ে বিএনপিকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে হাতিয়া উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাত। তিনি বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের ঘটনা সত্য হলেও এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি দাবি করেন, হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম এবং বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তাদের দুজনকেই আব্দুল হান্নান মাসুদের ঘনিষ্ঠজন এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি। পাশাপাশি তারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
চেয়ারম্যান ঘাটের ইজারাদার পাশের সুবর্ণচর উপজেলার বাসিন্দা উল্লেখ করে মোকারম বিল্লাহ শাহাদাত বলেন, এসব ইজারাদারের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও অভিযোগ করেন, ‘নিজের লোকের অনিয়ম ঢাকতে গিয়ে’ সংসদে ও বিভিন্ন টকশোতে ঘাটের নৈরাজ্যের সঙ্গে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়া হয়েছে। একজন সম্মানিত সংসদ সদস্যের কাছ থেকে মহান সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘাটে জনপ্রতি যাত্রীর কাছ থেকে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা আদায়ের বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করেছে উপজেলা বিএনপি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ঘাটের ইজারাদারকে ডেকে এনে জনপ্রতি ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন। প্রথমবারের মতো হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
তবে বর্তমানে আবারও জনপ্রতি ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এ অনিয়ম বন্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাব্বির উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফাহিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাছানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।