
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নরসিংদীর মাধবদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল শ্রমিকরা।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ অফিস ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। একই সঙ্গে জরুরি সেবার যান চলাচলেও বিঘ্ন ঘটে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনাকালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির জানান, লোডশেডিং বর্তমানে জাতীয় সমস্যা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে আন্দোলন স্থগিত করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।