
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় প্রায় ৩০ ঘণ্টা ধরে তীব্র যানজটে নাকাল যাত্রী ও চালকেরা। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৯ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত যানজট ধীরে ধীরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল ৮টা থেকে সংস্কারকাজ শুরু হয়। এর পর থেকেই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে গত রাতে হৃদ্রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বাসযাত্রী আরিফুল ইসলাম জানান, সকাল ৬টায় ফেনী থেকে যাত্রা শুরু করেন। স্বাভাবিক সময়ে প্রায় তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় পৌনে সাত ঘণ্টা পরও তিনি দাউদকান্দি এলাকায় যানজটে আটকে ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, মেঘনা সেতু পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি সেতুর সংস্কারকাজ শুরু হওয়ায় কিছু সময় ঢাকাগামী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এর পর যানজট ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে। একপর্যায়ে এর প্রভাব কুমিল্লা সেনানিবাস পর্যন্ত ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। শনিবার বেলা ৩টা পর্যন্তও যানজটের রেশ রয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে চালক ও যাত্রীদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।
সংস্কারকাজকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে মহাসড়কে যানজট থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েছেন।