1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ও ৩ রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাওপুরা মুন্সিবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও তিনটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর কামরুল হাসানের ডাক-চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরবাড়ি ও মূল্যবান সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে ঘরবাড়ির অধিকাংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে কামরুল হাসানের বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া চার ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় তিন লাখ টাকা এবং আসবাবপত্রসহ মোট প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে, মিজানুর রহমানের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শিফন হোসেনের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন।

হঠাৎ এমন অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে তারা মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!