
মোঃ আমিনুল ইসলামঃ
কুমিল্লার বরুড়া পৌরসভার আদর্শ পাড়া–শুশুন্ডায় অবস্থিত জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসার উদ্যোগে সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, বিকাল ৪টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুফতী মনজুর মুজিব।
অনুষ্ঠানে মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় মেধাতালিকায় ‘মুমতাজ’ (স্টার মার্ক) অর্জনকারী ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া কিরাআত, ৪০(চল্লিশ হাদিস), আসমাউল হুসনা (আল্লাহ তাআলার ৯৯টি নাম), সীরাতবিষয়ক প্রশ্নোত্তর ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৩৩ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে পুরস্কৃত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি ও মাদরাসার উপদেস্টা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মাদরাসার উপদেস্টা মুহাম্মদ রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আব্দুল মতিন ও মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ সোহাগ হোসেন, মুহাম্মদ কেফায়াত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া মাদরাসার প্রায় ৭০ জন শিক্ষার্থী ও ৫০ জন অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। অতিথি ও অভিভাবকেরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও ইসলামী প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মুফতী মনজুর মুজিব মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর পবিত্র জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন, তাঁর সুন্নাহ অনুসরণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, আদব-আখলাক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার, মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।
পরিশেষে অতিথি, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আল্লাহ তাআলা জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসার দ্বীনি শিক্ষার কার্যক্রমে বরকত দান করুন, শিক্ষার্থীদের ইলমে নাফে ও আমলে সালেহ নসিব করুন এবং এ আয়োজন কবুল করুন। আমিন