
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নে একটি পুকুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও টানা ভারী বর্ষণের কারণে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তমরুদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় বাসিন্দা মিরাজের পুকুরে মরদেহটি প্রথমে দেখতে পান পথচারীরা। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে তমরুদ্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
তমরুদ্দি পুলিশ ফাঁড়ির এএসআই নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে ভারী বর্ষণের কারণে মরদেহ উদ্ধার কার্যক্রম আপাতত ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “বৃষ্টি কমলে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তসহ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হবে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হবে।