
মো. ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালীর হাতিয়া উপজেলার নদীভাঙন কবলিত চানন্দী ও হরনী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। দিনব্যাপী সফরে তিনি দরবেশ বাজার, ভূমিহীন বাজার, টাংকি বাজার ও চেয়ারম্যান ঘাটসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে নদীভাঙনে বসতভিটা হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন মাহবুবের রহমান শামীম। স্থানীয়দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, “হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ এবং ঐতিহ্যবাহী বাজারগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ ভূমিহীন ও গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই সংকটময় সময়ে আমরা আপনাদের পাশে আছি।”
দরবেশ বাজার ও টাংকি বাজারে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় স্থানীয়রা চেয়ারম্যান ঘাটসহ আশপাশের এলাকায় নদীভাঙন রোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এর জবাবে মাহবুবের রহমান শামীম বলেন, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ বা ব্লক নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের উচ্চপর্যায়ে জরুরি ভিত্তিতে বিষয়টি তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, হাতিয়ার মানুষকে নদীভাঙনের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে তিনি কাজ করবেন এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই এ সংকট মোকাবিলার চেষ্টা চালিয়ে যাবেন।
পরিদর্শনকালে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মাহবুবের রহমান শামীমের এই পরিদর্শন ও নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়ার আশ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীভাঙনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা হবে।