
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এন বি এস রাসেলকে সভাপতি ও জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর জেলা জুড়ে অভিনন্দন বার্তায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রনেতা আনোয়ার হোসেন রকিকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয় নাজিম উদ্দিন রনি। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয় ছাত্রনেতা আকবর হোসেন।
এছাড়াও নবগঠিত ৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২জন সহ-সাধারণ সম্পাদকসহ ১জন প্রচার, ১ জন দপ্তর ও ১জন সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে শ্রেণীবিন্যাস করা হয়।
কমিটি গঠনের দিন থেকে আগামীর ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেয়া হয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।
এদিকে কমিটি গঠনের বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তায় সরগরম হয়ে ওঠে জেলার প্রতিটি অঞ্চলের ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইল।