
মোঃ ফখরুল মোস্তফা জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজ এলাকায় বসবাস করছে। বুধবার সকালে তিনি মোটরসাইকেলযোগে সুবর্ণচরের বাসা থেকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি সুবর্ণ বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় তিনি সড়কে ছিটকে পড়ে পেট, হাত ও পায়ে আঘাত পান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে আঘাত গুরুতর মনে না হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুর সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
সোহেল মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর (ইউডি) মামলা ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।