
অনলাইন ডেক্স
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী লেনে চলছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটির সামনে থাকা একটি পিকআপের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।