
মোঃ ফখরুল মোস্তফা জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে নবগঠিত সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সম্প্রতি সুবর্ণচরের রাজ দরবার পার্টি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বিজয়, শফিকুল ইসলাম পলাশ, বেলাল, মেহেদী হাসান ও মহসিন আকরাম সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় ছাত্রদল নেতারা বলেন, বর্তমান সময়ে ছাত্র ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব। সুবর্ণচরকে একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে ছাত্রদল মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সহযোগিতা ও সচেতনতা সৃষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, উপজেলার যেকোনো সামাজিক সংকট মোকাবিলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ইতিবাচক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের উন্নয়ন, মাদকবিরোধী আন্দোলন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সচেতন জনমত গড়ে তুলতে নিজেদের ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে ছাত্রদল নেতৃবৃন্দ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। সুবর্ণচরের উন্নয়ন, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিক ও ছাত্রদল পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।