
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদসহ একটি হায়েস মাইক্রোবাস আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১০ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গীতবাড়ি বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থান থেকে একটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়।
পরে মাইক্রোবাসটি তল্লাশি করে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা এবং ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক করা মাইক্রোবাস ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।