
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো—মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪)। তারা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং পরবর্তীতে বাড়িতেও ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করেন।
বিষয়টি জানার পর কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানার একটি দল ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সমন্বিতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়।
একপর্যায়ে পুলিশ জানতে পারে, দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে। পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে যাওয়ার কথা জানিয়েছে।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।