1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ভয়াবহ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ওজোপাডিকো

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
34

গোপালগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে অর্ধেকেরও কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

এদিকে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে নিজেদের দপ্তর, বিদ্যুৎ স্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো।

ওজোপাডিকোর চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ওজোপাডিকোর পাওয়ার হাউস ও দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে গ্রাহকদের ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিকে কেন্দ্র করে অসন্তুষ্ট ব্যক্তি বা সাধারণ জনগণের মাধ্যমে দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এ কারণে ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের সব স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘দপ্তরসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় গোপালগঞ্জ শহরে লোডশেডিং হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট। এর বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এতে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।’

মূল তথ্য: চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট, বিপরীতে বরাদ্দ মাত্র ৯–১০ মেগাওয়াট—অর্থাৎ চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎই পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!