1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

চায়ের দোকানের লুডু খেলা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফরিদপুরে আহত ৮

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
35

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় লুডু খেলার জয়-পরাজয় ও বাজির টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে জয়-পরাজয় এবং বাজির টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে বিষয়টি কেন্দ্র করে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন ইমারত মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!