1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক রাসেল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

 

কুমিল্লায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এ সময় চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ না থাকায় কর্তব্যরত সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। সেখানে তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিষয়টি তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) অবহিত করে।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তাঁর সিআইডি কর্মকর্তা হওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

এ সময় তাঁর মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবির সন্ধান পাওয়া যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

এদিকে, ভুয়া পরিচয়ধারী ব্যক্তি ও প্রতারক চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!