
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। রোববার (০২ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি-এর বিশেষ টহল দল পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।