1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

হাতিয়ায় জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন, পানিবন্দি পরিবারের পাশে প্রশাসন; জরুরি ত্রাণ বিতরণ অব্যাহত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
27

মো. ফখরুল মোস্তফা | নোয়াখালী জেলা প্রতিনিধি

সাম্প্রতিক অতিবর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছে। অনেক এলাকায় ঘরবাড়ি, সড়ক ও জনপদ পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং খাদ্য সংকট দেখা দিয়েছে।

দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবালের সার্বিক তত্ত্বাবধানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম ইউনিয়নগুলোর মধ্যে হরনী, চানন্দী, নলচিরা, সুখচর, তমুরুদ্দী, জাহাজমারা, নিঝুম দ্বীপ, ওছখালি এবং হাতিয়া পৌরসভাসহ অন্যান্য প্লাবিত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডালসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্লাবিত এলাকার পানি সম্পূর্ণ নেমে যাওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশন, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন উদ্যোগ গ্রহণ করা হলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!