
শান্তুু ধর,কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি তার স্বামী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা আলমগীরকে কুড়িগ্রাম জেলার সোনাইমুড়ি এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত মরিয়মের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুড়িগ্রামের সোনাইমুড়ি এলাকা থেকে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রবিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
ওসি আরও জানান, এ ঘটনায় অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়ম আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় মরিয়ম অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার পর আলমগীর হোসেন পালিয়ে যান। এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।