
বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও খাদ্যের অপচয় কমাতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং অপচয়ের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে গায়ে হলুদসহ বিভিন্ন আয়োজনে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করা হচ্ছে।
তিনি বলেন, “বিয়ের অনুষ্ঠানগুলোতে নাচ-গান ও নানা আয়োজনের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এসব অনুষ্ঠানে পরিবেশিত খাবারেরও বড় একটি অংশ অপচয় হয়। এই অপচয় কমিয়ে আনা সময়ের দাবি।”
অতিথি নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অতীতে ১০০ জনের বেশি অতিথি হলে নির্দিষ্ট হারে কর আরোপের বিধান ছিল। সেই ধারাবাহিকতায় তিনি প্রস্তাব করেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য ১ হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।
তার মতে, সামাজিক অনুষ্ঠানে অযৌক্তিক ব্যয় ও অপচয় নিয়ন্ত্রণ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কিছুটা কমবে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
শাহাদাত হোসেন বলেন, “বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো সম্ভব হলে দেশের অর্থনীতি আরও সুশৃঙ্খল হবে এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে।”
তার এই প্রস্তাব ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ অপচয় রোধে এটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ ব্যক্তিগত অনুষ্ঠানে কর আরোপের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।