
নিজস্ব প্রতিবেদক | বরুড়া, কুমিল্লা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার বরুড়ায় ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বরুড়া (ভাব)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) আয়োজিত এ কর্মসূচিতে সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফ্রেন্ডস ফোরাম কসামী-এর সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল আশ্রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল আমিন পাটোয়ারী, বরুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মনির হোসেন, ভাব-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর ও ব্যাচ-৯৩ সদস্য জাকির হোসেন, ফ্রেন্ডস ফোরাম কসামী-এর সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাংবাদিক ইকরামুল হক, সাংবাদিক মমিনুল্লাহ ভূঁইয়া, মাদকবিরোধী সংগ্রাম পরিষদের সভাপতি জুয়েল সওদাগর, ডা. জুবায়ের হোসেন, আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠনের ইলিয়াস সরাপতি, নারী অধিকার ফোরামের সভাপতি মিস পারভিন ইসলাম, সূর্য তরুণ সামাজিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দীন আহমেদ, পাঠানপাড়া নবজাগরণ সামাজিক সংগঠনের সদস্য মুফতি জিয়া উদ্দীন ভূঁইয়া, মুফতি ফয়জুল্লাহ ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।