1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

গোমতীর বেড়িবাঁধে রাতের অন্ধকার: চুরিতে উধাও ২০০ সোলার লাইট, সোয়া কোটি টাকার সরকারি সম্পদের হদিস নেই

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
42

অনলাইন ডেক্স

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের দুই শতাধিক সোলার লাইট চুরির ঘটনা ঘটেছে। এতে রাতে অন্ধকারে চলাচলে নিরাপত্তাহীনতাসহ চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকার সড়কে থাকা এসব বাতি একে একে চুরি হলেও এ ব্যাপারে প্রশাসনের কারো নজর পড়েনি।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, টিক্কারচর গোমতী সেতুর উপর একটি লাইটের খুঁটিতেও (পোস্ট) বাতি নেই। পোস্টের মাথায় সোলার প্যানেলটি থাকলেও প্রত্যেকটির বাতিসহ সামনের অংশটি কেটে নিয়ে গেছে চোর সেতু পার হয়ে পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শাহাপুর গ্রাম পর্যন্ত গিয়ে দেখা গেছে অন্তত দুই শতাধিক পোস্টে কোনো বাতি নেই। কিছু কিছু স্থানে লাইটের খুঁটিসহ (পোস্ট) তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানান, সোলার লাইটগুলো চালু থাকার সময় রাতের বেলায় যাতায়াত অনেক সহজ ও নিরাপদ ছিল। কিন্তু বাতিগুলি চুরির পর থেকে পথচারীদের ভোগান্তি বেড়েছে। অন্ধকারের সুযোগে ছিনতাই ও ডাকাতির আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে বলে দাবি তাদের। পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, “ভারত সীমান্তমুখী সড়ক হওয়ায় চোরাকারবারিরা তাদের সুবিধার জন্য এসব বাতি নষ্ট করেছে, চুরি করেছে। এখন সুযোগ পেয়ে ছিনতাইকারীর উৎপাতও বেড়েছে।”

সীমান্তমুখী এই সড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারি রাখলে এই বাতিগুলো চুরি হতো না, বলে অভিযোগ করেন তিনি।

সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “কলেজ শেষ করে টিউশনি করে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়। লাইটগুলো না থাকায় এখন ভয় লাগে। অন্ধকারে ডুবে থাকে পুরো রাস্তাটা। আলো থাকলে নিরাপদ বোধ হয়।” সুবর্ণপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক অহিদুর রহমান বলেন, “আগে অনেক রাত পর্যন্ত মানুষ শহর থেকে আসা যাওয়া করতো। এখন সন্ধ্যা হলেই সব নিরব হয়ে যায়। আমাদেরই চলাচল করতে ভয় লাগে।

“আর এগুলো তো একদিনে নেয়নি, যদি ঠিকমত দেখাশুনা করার কেউ থাকতো তাহলে কেউ এসব বাতি নিতে পারত না।”

উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ২০২৩ সালে একাধিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কুমিল্লা সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি গোমতী নদীর বেড়িবাঁধের ৬ কিলোমিটার অংশে ৫ শতাধিক সোলার লাইট স্থাপন করা হয়। প্রতিটি সোলার লাইট স্থাপনে ব্যয় হয়েছে অন্তত ৫৮ হাজার টাকা। হিসেব মতে, পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা।

এসব লাইট স্থাপনের ফলে ইউনিয়নের কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ রাতেও নিরাপদে চলাচলের সুবিধা পেতেন। তবে সম্প্রতি দুর্বৃত্তরা ধাপে ধাপে প্রায় দুই শতাধিক সোলার লাইট খুলে নিয়ে গেছে। ফলে পুরো সড়কের বড় একটি অংশ আবারও অন্ধকারে ডুবে গেছে। যে পরিমাণ লাইট চুরি করা হয়েছে তাতে সোয়া কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান গোলদার বলেন, “এই রাস্তাটি সীমান্ত সড়ক, আবার রাস্তাটি ধরেই এই অঞ্চলের লাখো মানুষের শহরের সাথে প্রতিদিনের যোগাযোগ।”

“সুতরাং গুরুত্বপূর্ণ এ সড়ক অন্ধকারে ডুবে থাকলে মানুষ অনিরাপদবোধ করবেই। অপরদিকে সীমান্তের চোরাকারবারি এবং চোর, ডাকাত, ছিনতাইকারীরা আরো বেশি উৎপাত শুরু করবে।”

মিজানুর রহমান আরও বলেন, “এই সরকারি মূল্যবান সম্পদ কে বা কারা চুরি করলো এই বিষয়টিও প্রশাসনের দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে। না হয়, পরে আবারো এমন কাজ করতে সাহস পেয়ে যাবে চোরেরা।” চুরি হওয়া সোলার লাইট উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পুনরায় আলো নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এদিকে সড়ক থেকে সোলারের বাতি চুরির বিষয়টি জানার পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

তিনি বলেন, “বাতি চুরির বিষয়টি জানার পর আমি ওই সড়ক পরিদর্শনে গিয়েছি। আসলেই সড়কটির সন্ধ্যার পর একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এবং অনিরাপদ হয়ে পড়ে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে একটি তদন্ত কমিটি করে পুনরায় সড়কে আলোর ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে কারা এই বাতি চুরি করলো সেটি খতিয়ে দেখার জন্য।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে বাতিগুলো পুনঃস্থাপনের ব্যবস্থা করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

 

সুত্র বিডিনিউজ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!