
কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক এবং তিনটি মাইক্রোবাস ও দুটি বাসসহ মোট পাঁচটি যানবাহন জব্দ করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দুপুরে কয়েক মিনিটের এ আকস্মিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী হঠাৎ মহাসড়কে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তাদের হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করেন। প্রায় তিন মিনিটের সংক্ষিপ্ত কর্মসূচি শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা এরশাদ ও ২৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রবিউলের নেতৃত্বে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে মিছিলকারীদের বহনে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি যানবাহন জব্দ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর মহাসড়কে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।