1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘রেড টেলিফোন’ লাইনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে ২ আসামি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

 

রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পর্শকাতর ‘রেড টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলাম (৩২)। শুক্রবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) এনজামুল হক। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘রেড টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সচিবালয়ের এক আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরি করেন।

রঞ্জন চন্দ্র আরও জানান, গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন তিনি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে একুশে হল এলাকার ওই ভাঙারি দোকান থেকে রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকায় একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং চুরি হওয়া সরকারি সম্পদের পরিমাণ ও প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!