1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিচার বিভাগ ও সরকারকে ধন্যবাদ জানালেন আইভী সব মামলায় জামিনে মুক্ত আইভী: এক বছরের বেশি কারাবাস শেষে মধ্যরাতে ফিরলেন ‘চুনকা কুটিরে’

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
41

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। পরে রাত ১২টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান আইভী।

আইভীর বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে ফিরে আবেগঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। এ সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও উৎফুল্ল।

আইভীর বাসভবনে বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বর্তমান সরকার, বিচার বিভাগ এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন,
“বিচার বিভাগের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতিও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশবাসীর প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই সকলকে নিয়ে বাংলাদেশ সরকার গঠিত হোক। কারাগারে আমার মতো আরও অনেক মায়েরা আছেন, যারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।”

আইভীর বাড়ি ফেরাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার রাত ১১টা থেকেই তার বাসভবনের আশপাশে থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে তিনি নিজ বাসভবনে প্রবেশ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাসভবন থেকে গ্রেফতার হন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। সব মামলায় জামিন লাভের পর অবশেষে প্রায় এক বছরের বেশি সময় পর মুক্তি পেলেন এই সাবেক মেয়র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!