
নিজস্ব প্রতিবেদক | ১ জুন ২০২৬
কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে ৩১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১ জুন) রাত আনুমানিক ২টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর অথবা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।