1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

এক রাতে মানিকগঞ্জে ৩ খ’ন:

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
28

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঈদের তৃতীয় দিনে মানিকগঞ্জে পৃথক দুই ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার দৌলতপুর ও সদর উপজেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হন।

পারিবারিক বিরোধে গৃহবধূ ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা

শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন আমেনা (৩০) এবং তার ছেলে আসওয়াদ। হামলায় আমেনার স্বামী সালাম মোল্লা (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের কথা-কাটাকাটির একপর্যায়ে তার আপন দেবর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আমেনা ও তার শিশুপুত্র নিহত হন। পরে বাড়ি ফেরার পথে কাপড় ব্যবসায়ী সালাম মোল্লার ওপরও হামলা চালানো হয়।

ঘটনাস্থল থেকে একটি দা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

অন্যদিকে, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সজিব স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে হামলা চালায়। এ সময় সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

ঈদের ছুটির মধ্যেই একই জেলায় স্বল্প সময়ের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, জেলায় ক্রমবর্ধমান সহিংসতা ও হত্যাকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!