
মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের অভিযানে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়েছে।
১১ মে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় র্যাব-১৩. অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলো আব্দুর রউফ (৬২) এবং পার্শ্ববর্তী ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের ওসমান গণি (৫৪).
ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় র্যাব-১৩ অভিযান চালায়।
এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি।
এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
আসামিদের কে ১২ মে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।