মেহেরপুর প্রতিনিধি:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান জানান, দিবসটির গুরুত্ব বিবেচনায় তারা নিজেদের উদ্যোগেই এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য এবং শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনকারী শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর ১৭ এপ্রিল ‘মুজিবনগর দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
তবে এ বছর দিবসটি ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসক শিল্পী রাণী রায় জানান, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিকেল ৩টায় ঢাকাভিত্তিক ‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। এতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
সরকারি আয়োজন না থাকলেও, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।