
চট্টগ্রামের চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকার সংলগ্ন একটি গার্মেন্টের ঝুট গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ৮-১০ জনের একটি গ্রুপ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে দাহ্য প্রদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন কালের কণ্ঠকে বলেন, আজ দুপুরের দিকে ৮-১০ জনের একটি গ্রুপ ঝুট গুদামে গিয়ে কর্মচারীদের বের করে দেয়। এরপর তারা দুই লিটারের একটি বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে চলে যায়
তবে কারা আগুন দিয়েছে, সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।
এক প্রশ্নের জবাবে ওসি মামুন আরো বলেন, ‘আমাদের টিম ক্ষতিগ্রস্ত গুদাম পরিদর্শন করেছে। ওই ঝুট গুদামের মালিকের কাছে গত রমজানে চাঁদা চেয়েছিল একটি পক্ষ। তবে তিনি থানায় কোনো অভিযোগও করেননি, আমাদের কোনো সহযোগিতাও তিনি চাননি।
স্থানীয় বাসিন্দা শওকত হোসেন বলেন, দুপুরের আগে একটি গ্রুপ এসে গুদামে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। পুলিশও আসতে দেখেছি। কারা আগুন দিয়েছে সেটি বলা যাচ্ছে না
এর আগে গত বছরের শেষের দিকে নগরের পাঁচলাইশ ও বায়েজিদ থানার দুটি ঝুট গুদামে চাঁদা চেয়ে না পেয়ে দুটি ঝুট গুদামে আগুন দিয়েছিল সন্ত্রাসীরা।