
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণে দিনব্যাপী আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রশাসন।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের প্রধান সমন্বয়ক মাকসুদুর রহমানের সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আকিব ওসমান বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর নবী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর অঞ্চল সমন্বয়কারী পরিতোষ দেবনাথ।
এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।