1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক-রেলপথ অবরোধ, সংঘর্ষে আহত ৮

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ১৮ নম্বর রেলঘুমটি সংলগ্ন স্থানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর আড়াআড়িভাবে বাস রেখে পাল্টা অবরোধ গড়ে তোলেন। একপর্যায়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়ক অবরোধের কারণে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
এদিকে রেলপথ অবরোধের কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা থাকলেও অবরোধের কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা কর্মসূচি প্রত্যাহার করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!