
বেজমেন্টের নিচে পলিথিনে মোড়ানো অর্ধগলিত দেহাংশ, চাঞ্চল্য রাজধানীজুড়ে
রাজধানীর মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৭ মে) বিকেলে মুগদার মান্ডা এলাকার আবদুল গনি রোডে শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, উদ্ধার হওয়া দেহাংশগুলো পলিথিনে মোড়ানো ও অর্ধগলিত অবস্থায় ছিল। তবে ঘটনাস্থলে মরদেহের মাথা পাওয়া যায়নি।
স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে রেখে যায়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।