
নিউজ ডেস্ক
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও মালবাহী যানবাহন বহনকারী একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে পুনরায় ঘাটে ফিরিয়ে আনার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যাত্রীদের অভিযোগ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় ফেরিতে থাকা শতাধিক যাত্রীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
শনিবার (১১ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। ফেরি ‘মহানন্দা’-এর মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে যাত্রা শুরু করে ফেরি ‘মহানন্দা’। প্রায় ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরিটি দিক পরিবর্তন করে আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।
এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পরে তিনি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির জানান, প্রথমে ফেরির মাস্টার তাকে জানিয়েছিলেন যে ফেরি ছাড়বে না। পরে আবার বলা হয় নির্ধারিত সময়েই ফেরি ছেড়ে যাবে। কিন্তু যাত্রা শুরুর প্রায় ২৩ মিনিট পর ফেরিটি আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে এমপিকে নেওয়ার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী অভিযোগ করেন, মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে আনার ঘটনায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। তাদের ভাষ্য, বৈরী আবহাওয়ার মধ্যে এমন সিদ্ধান্ত যাত্রীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। একজন ভিআইপির জন্য শতাধিক যাত্রীর সময় নষ্ট করা এবং মাঝপথ থেকে ফেরি ফিরিয়ে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর এমপির জন্য ফেরিটি ঘাটে ফিরে আসে। তিনি জানান, ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।
ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তিনি নির্দেশনা পান যে, ঘাটে এমপি এসেছেন এবং তাঁকে নিতে ফেরি ঘুরিয়ে আনতে হবে। পরে সেই নির্দেশনা অনুযায়ী ফেরি চেয়ারম্যান ঘাটে ফিরে এসে এমপিকে নিয়ে পুনরায় নলচিরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যাত্রীদের প্রশ্ন, একজন ভিআইপির সুবিধার জন্য মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনা কতটা যৌক্তিক এবং এ ধরনের সিদ্ধান্তে যাত্রীদের নিরাপত্তা ও সময়ের মূল্য কতটা বিবেচনায় নেওয়া হয়েছে—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারই জবাব চান তারা।
সুত্র বিডি২৪লাইভ, ঢাকা