
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলায় মাদক, পর্নোগ্রাফি ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে বরুড়া থানা পুলিশ। পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার, পর্নোগ্রাফি আইনের এক আসামিকে আটক, মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড এবং তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বরুড়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক-এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই (নিঃ) এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ ১ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাকিব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। তার দখল থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বরুড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ইয়াবা সেবনের দায়ে পরিচালিত মোবাইল কোর্টে হৃদয় হোসেন (১৯) ও ফারুক (৪২) নামে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে, পর্নোগ্রাফি উৎপাদন, সুবিধা আদায় ও প্রচারের অভিযোগে মো. জয়নাল আবেদীন (৩২)-কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে বরুড়া থানা পুলিশ।
বরুড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।