1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত; যুবকের কান বিচ্ছিন্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
bntv
28

অনলাইন ডেক্স 

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএলকে এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। একই দিনে দিগনগর ইউনিয়নের সিংনগর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আরেকটি সংঘর্ষে আরও পাঁচজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউনিয়নের বিএলকে এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ও বর্তমান ইউপি সদস্য কফিল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছিল উভয় পক্ষের সমর্থকরা।

পুরোনো বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে আব্বাস মণ্ডল, অংকন, রবিউল হোসেন, তাসিম শেখ, গিয়াস উদ্দিন, হাবিব মোল্যা, সাকিব হোসেন, লিয়াকত আলী, আকিজ মোল্যা, আনিচ মোল্যা, সানজু, আব্দুল কাদের, মোশারফ হোসেন, খায়রুল ইসলাম ও সাহিদুর ইসলামের নাম জানা গেছে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান অভিযোগ করেন, ইউপি সদস্য কফিল উদ্দিনের সমর্থকরা প্রথমে তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। আত্মরক্ষার জন্য তাঁর লোকজন প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

অন্যদিকে ইউপি সদস্য কফিল উদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে মতিয়ার রহমানের সমর্থকরাই সকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

এদিকে একই দিনে দিগনগর ইউনিয়নের সিংনগর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আলামিন, হাসানুর রহমানসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত আলামিনের কান বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!