স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য মাছুম মোস্তাফা পেট্রোল নিতে পাম্পে গেলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে ঘিরে ফেলে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
উপজেলা জামায়াত নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা প্রথমে গাড়ি ভাঙচুর করে এবং পরে সংসদ সদস্যের ওপরও হামলার চেষ্টা করে বলে দাবি করা হয়।
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে জানান, “হঠাৎ করেই কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।”
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম। তারা সংসদ সদস্যকে নিরাপদে উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যে কোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।