1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ছিনতাইকারী ভেবে থানায় অভিযোগ, CCTV-তে ডিবি পুলিশ! ভারতীয় নাগরিককে মারধর করে টাকা-স্বর্ণ নেওয়ার অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
2

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি ছিনতাই মনে করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী। তবে পরবর্তীতে CCTV ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের ডিবি পুলিশের সদস্য বলে শনাক্ত করার দাবি করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ভারতীয় নাগরিক আলম কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় এলাকার হকার্স মার্কেটের নিচে অবস্থিত পানসি অ্যান্ড বিরিয়ানি হাউজে অবস্থান করছিলেন। এ সময় ৬-৭ জন ব্যক্তি সেখানে গিয়ে তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আলমের দাবি, তাঁর কাছ থেকে ১৭ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১১ হাজার ৩০০ বাংলাদেশি টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর তিনি কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আলম জানান, ঘটনার সময় তিনি অভিযুক্তদের পরিচয় জানতেন না। ফলে তিনি তাদের ছিনতাইকারী মনে করে থানায় অভিযোগ করেছিলেন। পরে CCTV ফুটেজ দেখে তাদের ডিবি পুলিশের সদস্য বলে শনাক্ত করার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে ডিবি পুলিশের টিম লিডার তৌফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। পরে প্রতিবেদকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বিষয়টি ডিবির ওসিকে জানানো হয়েছে। কুমিল্লা জেলা ডিবির ওসি শামসুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
পরবর্তীতে বিষয়টি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম)-কে জানানো হলে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে অভিযোগের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের দাবি, ঘটনার বিষয়ে তাঁর কাছে CCTV ফুটেজসহ কিছু প্রাথমিক তথ্য-প্রমাণ রয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে কুমিল্লা পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের সত্যতা কতটুকু এবং CCTV ফুটেজে থাকা ব্যক্তিরা সত্যিই ডিবি পুলিশের সদস্য কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট CCTV ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, থানায় দেওয়া অভিযোগ এবং অভিযুক্তদের বক্তব্য যাচাই করলেই ঘটনার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!